বাংলাদেশের স্বর্ণ ও গহনা শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)–এর নেতৃত্বে নতুন বিন্যাস এসেছে। সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও এবিজি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে ডায়মন্ড অ্যান্ড ডিভাসের উদ্যোক্তা এনামুল হক খান দোলন দ্বিতীয় মেয়াদে বাজুসের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন।
সোমবার ঢাকার ইস্কাটনে বাজুস কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর শেষে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আনভীরকে প্রধান উপদেষ্টা এবং সংগঠনের সাবেক সব সভাপতিকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
সভায় সংগঠনের শীর্ষ নেতারা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষসহ একাধিক ভাইস প্রেসিডেন্ট।
প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়নের প্রতিক্রিয়ায় সায়েম সোবহান আনভীর বলেন, বাজুস তার কাছে কেবল একটি বাণিজ্য সংগঠন নয়, বরং বাংলাদেশের জুয়েলারি শিল্পের বিশ্বাসযোগ্যতা ও দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতীক। তিনি বলেন, নেতৃত্বের মূল শক্তি পদে নয়, দায়িত্ব পালনের ধারাবাহিকতায় নিহিত।
নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের প্রতি আস্থা প্রকাশ করে আনভীর বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজুসকে আরও কার্যকর ও প্রভাবশালী করা সম্ভব হবে, যা বাংলাদেশের জুয়েলারি শিল্পকে বৈশ্বিক মানে এগিয়ে নিতে সহায়ক হবে।
For advertisement, write to : connect@ynewsglobal.com








