
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় বেপরোয়া গাড়িচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করে এবং চালককে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর কামারপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িচালক মান্নানকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আরও কয়েকজন আহত হন বলে অভিযোগ রয়েছে। পরে উত্তেজিত জনতা গাড়িটিকে ধাওয়া করে উত্তরার সেক্টর ১০-এর রোড নং ১২-এ আটকিয়ে ভাঙচুর করে। চালক তখন আশ্রয় নিতে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়েন। পরে জনতা ওই বাড়িটিও ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে আহত করে।
সেনাবাহিনী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে তুরাগ থানা নিয়ে যায়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় পথচারী মান্নানকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনির হোসেন বলেন, “দুর্ঘটনার পর চালক মো. আবির (১৭)-কে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সন্ধ্যায় থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, “আবিরের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা একটি রেন্ট-এ-কার চালান। দুপুরে বাবা খাবার খেতে বাড়ি গেলে আবির নিজে গাড়ি নিয়ে বের হয়। অভিজ্ঞতার অভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়।”
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সাল বলেন, “দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা গাড়ি ও চালককে আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে তুরাগ থানায় নিয়ে যায়।”