চীন থেকে বাংলাদেশগামী কমোরোসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি স্টার লাইন থেকে ৪০৫ টন বিপজ্জনক রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) উত্তর সুমাত্রার বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা।
জাহাজটির নথিপত্র ও পণ্য তালিকায় অসংগতি পাওয়ার পর নৌবাহিনী, পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের যৌথ দল ৩৬টি কনটেইনার তল্লাশি করে। এ সময় রকেট ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত ৪০৫ টন বিপজ্জনক অক্সিডাইজিং রাসায়নিক উদ্ধার করা হয়।
ইন্দোনেশীয় কর্মকর্তাদের দাবি, জব্দ করা রাসায়নিক দিয়ে সর্বোচ্চ ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। তবে চালানটির চূড়ান্ত ব্যবহার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।