বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের মনোভাব পরিহার করে বন্ধুসুলভ ও পারস্পরিক সহযোগিতামূলক আচরণে ফিরে আসতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার প্রয়োজন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, পানির ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে বহুবার আলোচনার পরও ভারত গুরুত্ব দিচ্ছে না, যা সীমান্তবর্তী মানুষের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তিস্তা, পদ্মা ও অন্যান্য সীমান্তনদীর পানি বণ্টন নিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে জাতীয় দাবি আদায় আরও সহজ হয় বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, পদ্মার উজানে পানিপ্রবাহ আটকে দেওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের জীবনে মারাত্মক প্রভাব পড়েছে। তাই পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুকে অগ্রাধিকার দিয়ে সমাধান করা জরুরি।
এদিন দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।