আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই ছাড় করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন সংক্রান্ত সিদ্ধান্তও আগামী সরকারই নেবে।
রোববার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
২০২৩ সালে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের মাধ্যমে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৫০ কোটি ডলারে। আট কিস্তিতে এ অর্থ ছাড় করা হবে। এ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে ৩৬০ কোটি ডলার।
ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের সময়ে পাওয়া সম্ভব কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, তা নিয়ে আলোচনার পর ঋণ ছাড়ের সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, ‘আইএমএফ আমাদের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। তাদের কিছু পরামর্শ আছে, যেমন রাজস্ব আয় বাড়াতে হবে। আমরা রিপোর্ট পাঠাচ্ছি, এরপর তাদের টিম এসে রিভিউ করবে।’
এ সময় তিনি আরও জানান, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সরকারি কর্মচারীদের পে কমিশনের প্রস্তাব এসেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার।
অর্থ উপদেষ্টা বলেন, ‘নতুন সরকারের জন্য আইএমএফ ঋণ, সংস্কার শর্তসহ সব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে।’








