ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আলিরেজা আরাফি দেশটির অস্থায়ী নেতৃত্ব পরিষদের জুরিস্ট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন, রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ রোববার জানিয়েছে।
গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও প্রভাবশালী ধর্মীয় নেতা আরাফি সেই তিন সদস্যের পরিষদে যোগ দিচ্ছেন, যাদের দায়িত্ব হবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করা। ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত এই পরিষদ সাময়িকভাবে দায়িত্ব পালন করে।
অস্থায়ী নেতৃত্ব পরিষদের অন্য দুই সদস্য হলেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই। এই নিয়োগ এমন এক সময়ে এলো, যখন দেশটির ক্ষমতার কাঠামো নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে।