ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। তিনি এ ঘটনাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত হিসেবে উল্লেখ করে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না হওয়ার আশা প্রকাশ করেন।
রোববার বিকেলে রাষ্ট্রদূত প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে হামলায় ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বৃহস্পতিবার সংঘটিত অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তিনি খোঁজখবর নেন।
কার্যালয়ের সামনে বক্তব্যে মাইকেল মিলার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সব সাংবাদিকের প্রতি সংহতি জানাতেই তিনি সেখানে এসেছেন। তাঁর ভাষায়, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা।
নির্বাচনের প্রাক্কালে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই কঠিন সময়েও সাংবাদিকদের দৃঢ় থাকতে হবে, আবার ঘুরে দাঁড়াতে হবে, নিয়মিত প্রকাশনা ও প্রতিবেদন চালিয়ে যেতে হবে এবং সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবেযাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে।