ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় “তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা” চালানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগের পর এই নির্দেশ দেন তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানান, হামাসের সদস্যরা রাফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরামর্শ শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা উপত্যকায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন।”
অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, হামাস জানায়—ইসরায়েলের এই পদক্ষেপের জবাবে তারা এক বন্দির মৃতদেহ হস্তান্তর বিলম্বিত করবে।
এ ঘটনার আগে, চলতি মাসের ১৯ অক্টোবর রাফাহ এলাকায় এক সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সেনা নিহত হন। নিহতরা হলেন—২৬ বছর বয়সী মেজর ইয়ানিভ কুলা, নাহাল ব্রিগেডের ৯৩২ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবং ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেৎস, একই ব্যাটালিয়নের একজন কমব্যাট সৈনিক।
টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়, আইডিএফ-এর প্রাথমিক তদন্তে জানা গেছে—একটি সশস্ত্র দল টানেল থেকে বেরিয়ে এসে একটি খননযানে গুলি চালায়, এতে দুই সেনা নিহত ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।








