নয়াদিল্লি — প্রায় ছয় বছরের উত্তেজনার পর অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে চীনা বিনিয়োগের ওপর কিছু বিধিনিষেধ শিথিল করার অনুমোদন দিয়েছে ভারত। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) নীতিতে পরিবর্তন অনুমোদন করেছে, যা চীনসহ স্থলসীমান্ত ভাগ করা দেশগুলোর বিনিয়োগের ক্ষেত্রে আগে আরোপিত কড়াকড়ি আংশিকভাবে শিথিল করবে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইলেকট্রনিক্স, ক্যাপিটাল গুডস এবং সৌর সেল খাতে বিনিয়োগের সুযোগ বাড়ানো হবে। এই পদক্ষেপ মূলত উৎপাদন খাতে পুঁজি সংকট মোকাবিলা এবং সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
২০২০ সালে সীমান্ত উত্তেজনার পর ভারত চীনসহ প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করেছিল। নতুন সিদ্ধান্ত সেই নীতির কিছু অংশ শিথিল করে নির্দিষ্ট শিল্পখাতে বিদেশি পুঁজি আকর্ষণের পথ খুলে দিল।
নীতিনির্ধারকদের মতে, প্রযুক্তি উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও নতুন গতি আনতে পারে।








