দালিয়ান, চীন | ২৪ জুন ২০২৬
চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) সামার ডাভোস সম্মেলনের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “Innovating at Scale” শীর্ষক সেশন শুরু হয়।
সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।
বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি এবং প্রযুক্তিগত রূপান্তর নিয়ে আয়োজিত আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সামার ডাভোসে উপস্থিত বিশ্বনেতারা সেশনের বিরতিতে একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন।
বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত WEF-এর এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের নেতারা অংশ নিচ্ছেন।