দিল্লিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ–ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা আলোচনা। কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এর সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে এসে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের এনএসএ অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন—এ তথ্য এক প্রেস বিবৃতিতে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।
বৈঠকে CSC-এর সামগ্রিক কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা, এবং বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উভয় পক্ষই ভবিষ্যতে নিরাপত্তা সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ড. খলিলুর রহমান অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান, যা দোভাল ইতিবাচকভাবে গ্রহণ করেন বলে হাইকমিশন জানিয়েছে।
বাংলাদেশ–ভারত নিরাপত্তা সহযোগিতা জোরদারের ক্ষেত্রে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে।