অর্থ আত্মসাতের মামলায় ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকসহ ১০ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এদের মধ্যে নয়জন বিদেশি নাগরিক এবং একজন বাংলাদেশি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
নিষিদ্ধ বিদেশিদের মধ্যে রয়েছেন— সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, হসিয়াও লিউ ই চি, মাদাম চুক কওয়ান, মাদাম শিও ইয়েন শিন, সুং চুং ইয়াও, মাদাম হাং সিউ লাই, হসিয়াও হাই হে এবং মি. সুং ওয়েই মিন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক সংগঠিতভাবে আর্থিক জালিয়াতি করে প্রায় ২৭৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিদেশি প্রতিষ্ঠান রিং শাইন টেক্সটাইল লিমিটেড (ডিইপিজেড)-কে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে ভুয়া শেয়ারহোল্ডার ও কাগজপত্র তৈরি করে কোম্পানিটির আইপিও অনুমোদনের ব্যবস্থা করেন, যদিও কোম্পানিটির কার্যকরী মূলধন ছিল না।
আবেদনে আরও বলা হয়, আব্দুল কাদের ফারুক প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের ৪০ থেকে ৬০ শতাংশ পাওয়ার শর্তে কোম্পানিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। বিষয়টি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে তদন্তাধীন।
সেদিন তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত ফার গ্রুপের চেয়ারম্যান, বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন।