আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, বুধবার এক সংবাদ সম্মেলনে দুর্বল পাঁচ ব্যাংকের একীভূতকরণের ঘোষণা এবং সেসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করার মাধ্যমে গভর্নর তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
বিনিয়োগকারীদের মতে, শেয়ার বাতিল বা শূন্য করার কোনো আইনগত এখতিয়ার গভর্নরের নেই। তারা আরও অভিযোগ করেছেন, শুধু গভর্নর নন—তার সঙ্গে অর্থ উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফলে তারা বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরের পদত্যাগ দাবি করেছেন।
উল্লেখ্য, সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব প্রশাসক ব্যাংকগুলোর ব্যবসা পরিচালনা, আইটি নিরাপত্তা, মানবসম্পদ বিভাগ তদারকি ও শাখা কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, একীভূত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাংকগুলো তাদের আগের নামেই এলসি, আমানত ও চেক নিষ্পত্তির কাজ অব্যাহত রাখবে। পুরো মার্জার কার্যক্রম শেষে নতুন ইসলামী ব্যাংকের নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
যেসব ব্যাংকের বোর্ড বাতিল করা হয়েছে সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসক হিসেবে এক্সিম ব্যাংকে দায়িত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকে সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবুল হাসেম।
গভর্নর আশ্বাস দিয়েছেন, বোর্ড বাতিলের পরও ব্যাংকগুলোর গ্রাহকসেবা, পেমেন্ট, রেমিট্যান্স, এলসি এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।