সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। সর্বশেষ তথ্যে মোট ৬ জন নিহত, ৮ জন আহত বাংলাদেশি শান্তিরক্ষীর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে পাঠানো বার্তায় বলা হয় যে, ওই এলাকায় সংঘাত এখনও অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির। হামলার সময় জাতিসংঘের ঘাঁটিতে দায়িত্বরত বাংলাদেশি সেনাসদস্যরা শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে হতাহতের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সুদানে দায়িত্ব পালন করে আসছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
For advertisement, write to: connect@ynewsglobal.com