রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ির নিচতলার গুদামঘর থেকে এক যুবক ও এক নারীর পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) বিকেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এই দুই মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি পাশের ইবন কাসির ক্যাডেট মাদ্রাসায় ঝাড়ুদারের কাজ করতেন। নিহত নারী এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ৭–৮ দিন আগে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়—ময়নাতদন্তের পর জানা যাবে।
বাড়ির মালিক আতিক জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি গ্রামের বাড়িতে ছিলেন। ফিরে এসে ঘর পরিষ্কার করার সময় দুর্গন্ধ টের পেয়ে প্রথমে মৃত ইঁদুর ভেবেছিলেন। পরে আবার গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে গুদামঘরে দুইটি লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।