বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় জার্মানি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার ল্যোট্জ এ প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই নির্বাচন হোক অবাধ ও সুষ্ঠু। ভোটারদের ব্যাপক অংশগ্রহণও জরুরি। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দেবেন—আমরাও একই প্রত্যাশা করছি। আমরা চাই নির্বাচনী প্রচারপর্বে রাজনৈতিক সহিংসতা যতটা সম্ভব কম থাকুক।”
ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিভিন্ন দেশে অংশগ্রহণের হার ৫০% থেকে ৮০% পর্যন্ত ওঠানামা করে এবং এই ভিন্নতার মধ্যেও নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় না। তার ভাষায়, “যত বেশি ভোটার উপস্থিতি, তত ভালো। ৫০–৬০ শতাংশ উপস্থিতি আন্তর্জাতিক মানদণ্ডে সন্তোষজনক।”
ড. ল্যোট্জ বলেন, নির্বাচনের পর চলমান গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়া—বিশেষ করে নিরাপত্তা, আইনের শাসন ও রাজনৈতিক কাঠামো—বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
“আমরা আশা করছি এই সংস্কারগুলো রাজনৈতিক স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতি কমাবে এবং প্রশাসনের দক্ষতা উন্নত করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর হবে,” তিনি উল্লেখ করেন।
For advertisement, write to : connect@ynewsglobal.com