প্রবল শক্তি নিয়ে ভিয়েতনামের জিয়া লাই প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন কালমেগি, সঙ্গে নিয়ে এসেছে তীব্র বাতাস ও টানা মুষলধারে বৃষ্টি।
এই ঘূর্ণিঝড় এমন সময় আঘাত হানে, যখন মধ্য ভিয়েতনামের বিভিন্ন প্রদেশ আগের টানা রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ইতিমধ্যেই বিপর্যস্ত। আবহাওয়াবিদদের আশঙ্কা, কালমেগি আরও ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে পারে, যা পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়াবে।
বিভিন্ন প্রদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বহু গাছ উপড়ে গেছে এবং ঘরের ছাদ উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কর্তৃপক্ষ দা নাং ও হো চি মিন সিটির মতো প্রধান নগরীগুলোতেও বন্যার আশঙ্কা প্রকাশ করেছে।
এর আগে, ফিলিপাইনে আঘাত হানার সময় এই টাইফুনে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু মানুষ নিখোঁজ হন। নভেম্বর মাসে এমন শক্তিশালী ঝড় বিরল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ চীন সাগর অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির বেগ ছিল ঘণ্টায় ১৮৩ কিলোমিটার, আর দমকা হাওয়া ঘণ্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।








