বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি তুরস্ক সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। সফরকালে তিনি তুরস্কের শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
সফরের শুরুতে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা জানান। পরে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, তুর্কি জেনারেল স্টাফের প্রধান জেনারেল সেলচুক বাইরাকতারওগলু, তুর্কি ল্যান্ড ফোর্সেসের কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথক বৈঠক করেন। এছাড়া তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (SSB)-এর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
তুর্কি ল্যান্ড ফোর্সেস সদর দপ্তর পরিদর্শনের সময় বাংলাদেশ সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠকগুলোতে দুই দেশের বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা প্রযুক্তি, শিল্প সহযোগিতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ASISGUARD, TUSAŞ, MKE, SARSILMAZ, STM, ROKETSAN, ASELSAN এবং BAYKAR পরিদর্শন করেন। সেখানে তিনি উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, আধুনিক সামরিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর মতে, এই সফর দুই দেশের প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।