যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদন প্রকাশের অভিযোগে ১ বিলিয়ন ডলারের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বিবিসির প্যানোরামা ডকুমেন্টারিতে ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। ট্রাম্পের দাবি, প্রতিবেদনে তাঁর “শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান” অংশটি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, যা দর্শকদের ভুল ধারণা দেয়।
ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে, ট্রাম্পের আইনজীবী আলেহান্দ্রো ব্রিতো বিবিসির চেয়ারম্যান সামির শাহ ও আইন উপদেষ্টা সারাহ জোনসের কাছে একটি নোটিশ পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, বিবিসি যেন অবিলম্বে ‘ভুল, মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য’ প্রত্যাহার করে নেয়, নতুবা ট্রাম্প আদালতের দ্বারস্থ হবেন।
চিঠিতে বলা হয়, ডকুমেন্টারিতে ট্রাম্পের বক্তব্য ইচ্ছাকৃতভাবে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় তিনি সহিংসতার আহ্বান জানিয়েছেন। অথচ তিনি মূল বক্তৃতায় সমর্থকদের শান্তিপূর্ণভাবে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন।
ব্রিতো অভিযোগ করেন, “বিবিসির এই ভুয়া উপস্থাপনার ফলে ট্রাম্পের আর্থিক ও সুনামের মারাত্মক ক্ষতি হয়েছে এবং এর বিরুদ্ধে বিবিসির কোনো বৈধ প্রতিরক্ষা নেই।”