কায়রো, ১ মার্চ — লিগ অব আরব স্টেটস ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান ও সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর এ আক্রমণ স্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি সতর্ক করেছে যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে বৃহত্তর অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে।
এক বিবৃতিতে আরব লীগের জেনারেল সেক্রেটারিয়েট জানায়, হামলাগুলো এমন দেশগুলোর বিরুদ্ধে চালানো হয়েছে যারা শান্তির পক্ষে অবস্থান নিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে কাজ করেছে এবং যুদ্ধে অংশ নেয়নি। সংগঠনটি আক্রান্ত রাষ্ট্রগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিলে তার প্রতি সমর্থন জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান সংকটের প্রেক্ষাপটে আরব রাষ্ট্রগুলো সামরিক পদক্ষেপের বিরোধিতা করে সুস্পষ্ট অবস্থান নিয়েছিল এবং উত্তেজনা এড়াতে একাধিক দেশ মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে।
আরব লীগ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পক্ষগুলোর প্রতি দ্রুত উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানিয়ে বলেছে, বর্তমান পরিস্থিতি গভীর ঝুঁকিপূর্ণ এবং তা নিয়ন্ত্রণে না আনলে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও শিপিং রুটে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা সৃষ্টি করতে পারে।